বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকার

ফুটপাথে পানি বিক্রি করে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্ন দেখা সংগ্রামী কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুজনের স্বপ্নপূরণ ও তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সুজনের পানি বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সেই প্রতিবেদনে সুজন জানায়, পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে সে তার বাবাকে পবিত্র হজে পাঠাতে চায়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত সুজনের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
অনুদান প্রদানকালে প্রতিমন্ত্রী সুজনের পরিবারকে তাকে আর ঝুঁকিপূর্ণ শ্রমে না পাঠিয়ে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সুজনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
প্রতিমন্ত্রীর এ আশ্বাসে আবেগাপ্লুত হয়ে সুজনের বাবা প্রতিশ্রুতি দেন, তিনি আর ছেলেকে রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না এবং দ্রুত তাকে বিদ্যালয়ে ভর্তি করাবেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা মানবিক বিষয়গুলো তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রান্তিক মানুষের দুর্দশার খবর পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, “সুজন পানি বিক্রি করে তার বাবাকে হজে পাঠাতে চায়—এটি অত্যন্ত মহৎ একটি নিয়ত। তবে আমরা চাই, সে ফুটপাথে পানি বিক্রি না করে নিয়মিত পড়াশোনা করে বড় হোক। নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে একদিন বাবা-মায়ের সব স্বপ্ন পূরণ করুক।”
প্রতিমন্ত্রী আরও জানান, সুজনের অসুস্থ মায়ের চিকিৎসা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবার কষ্টের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এখন থেকে সুজনকে আর রাস্তায় নেমে কাজ করতে হবে না। তার পড়াশোনা ও পরিবারের প্রয়োজন মেটাতে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা সুজনের বাবার কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, সুজন লেখাপড়া করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং একদিন নিজের স্বপ্নের পাশাপাশি বাবা-মায়ের স্বপ্নও বাস্তবায়ন করবে।