প্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে রাখা তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে।
রোববার পৃথক গণশুনানির সুপারিশের ভিত্তিতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদনের পর জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন নাম ঘোষণা করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়ন নাম পরিবর্তন করে বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলারসীমান্ত ইউনিয়নে নাম জগন্নাথপুর ইউনিয়ন এবংদিগন্ত ইউনিয়নে নাম রহবল ইউনিয়ন রাখা হয়েছে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির অনুমোদনের পর পরিবর্তিত নামগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সভার সিদ্ধান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২৩ জুন শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চবিদ্যালয় ও ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে পৃথক গণশুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ জুন মোকামতলা উপজেলার রহবল উচ্চবিদ্যালয় মাঠেও আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হয়।
গত ১১ জুন জেলা প্রশাসনের গেজেট বিজ্ঞপ্তিতে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জে নতুন মীরবাড় এবং মোকামতলায়সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে তিনটি ইউনিয়ন গঠন করা হয়।
তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ি’ এবং তাঁর দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’-এর নামের সঙ্গে তিনটি ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতর্কিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিতে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও শিবগঞ্জের মীরবাড়ি এবং মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।