
যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই আয়োজনে জোটভুক্ত অধিকাংশ দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। তবে জমিয়তের নাতারা থাকছেন না।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপি সূত্রের ভাষ্য, যুগপৎ আন্দোলনের সময় রাজপথে দলটির পাশে থাকা শরিকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই নৈশভোজের মূল উদ্দেশ্য।
নৈশভোজে অংশ নিচ্ছেন ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)সহ যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দলের শীর্ষ নেতারা।
তবে একসময় বিএনপির গুরুত্বপূর্ণ দুই মিত্র—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)—এ নৈশভোজে অংশ নিচ্ছে না।