সিলেটে গভীর রাতে দরজা ভেঙে কিশোরীকে অপহরণ চেষ্টা, বাধা দেওয়ায় দাদীকে ছুরিকাঘাতে হত্যা।

সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে নাতনিকে অপহরণের চেষ্টা থেকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিলারা বেগম (৫৪) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওড়ের মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা দিলারা বেগমের নাতনি হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
হাবিবার চিৎকার শুনে তাঁর মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর হাতে কামড় দেয়। একপর্যায়ে তারা হাবিবাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ান দিলারা বেগম। এ সময় দুর্বৃত্তরা তাঁর বুকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কিশোরীকে অপহরণ কিংবা ধর্ষণের উদ্দেশ্যে হামলা চালিয়ে থাকতে পারে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।