যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে যশোর পুলিশের একটি দল যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে তাদের আটক করে।
গ্রেপ্তারের পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে—এমন গোপন তথ্য ছিল যশোর পুলিশের কাছে। ওই তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি বিশেষ টিম।
বুধবার ভোর রাতে কালো রঙের একটি প্রাইভেট কার সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ডেভিড ইমনকে শনাক্ত করে পুলিশ। তবে তার আলোচিত গোঁফ কেটে ফেলায় প্রথমে তাকে চিনতে কিছুটা বেগ পেতে হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজেই স্বীকার করেন যে তিনি চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এ সময় গাড়িতে থাকা তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বিরুদ্ধে জোড়া খুন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে কোটি টাকা চাঁদা দাবির উদ্দেশ্যে হামলা চালানোসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে এসব মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।