
নিহত মাওলানা আবুল কাশেম স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পুকুরপাড়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও ধস্তাধস্তি চলছে। এতে টুপি পরা কয়েকজনকে সংঘর্ষে জড়াতে দেখা যায়। একপর্যায়ে একজনকে মাটিতে ফেলে মারধর করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে মাওলানা আবুল কাশেমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।