প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন বাড়ির বালুর নিচে পুঁতে রেখেছে।

ফেনীর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন বাড়ির বালুর নিচে পুঁতে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিরিন আক্তার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর ধরে পরিবারটি মোহাম্মদ আলী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি তারা পাশের একটি জমিতে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে শিরিন আক্তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে সেখানে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেয় বলে অভিযোগ উঠেছে।
নিহতের ছেলে রাজু জানান, বিকেল থেকে মাকে খুঁজে না পেয়ে তিনি নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে সাইফুল নামের এক নির্মাণশ্রমিককে কাজ করতে দেখে মায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বালুর নিচে শিরিন আক্তারের মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর থেকেই নির্মাণশ্রমিক সাইফুল পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার সন্দেহ করছে স্থানীয়রা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।