দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহিন আইয়ুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাহিন নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৪ থেকে ৫ জন মুখোশধারী সেখানে এসে টর্চলাইট জ্বালিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পায়ে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও গুলি করে হামলাকারীরা দ্রুত সিএনজিচালিত অটোরিকশাযোগে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, “আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে করে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।”
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, “অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, “আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”