
সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের মাত্র চারদিনের মাথায় একটি নতুন ইটের রাস্তা ভেঙে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে।
স্থানীয়দের দাবি, কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ওসি মো. সাইফুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তাটি উদ্বোধন করা হয়।
অভিযোগ অনুযায়ী, ইউএনওর বদলির পর গত ২ মে বিকেলে গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে একদল ব্যক্তি রাস্তার ইট খুলে নিয়ে যান।
ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলী খাতুন বলেন, চলাচলের সুবিধার জন্য নির্মিত এই রাস্তাটি উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ইট তুলে নেওয়া হয়েছে, যা স্থানীয়দের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে নবনিযুক্ত শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ঘটনাটি তার জানা রয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত আফসার আলীর দাবি, যে স্থানে রাস্তা নির্মাণ করা হয়েছে সেটি একটি কলেজের জমি। তাই জমি দখলমুক্ত করতেই ইট সরানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন ওই জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার যাতায়াত করছিল। সম্প্রতি প্রতিবেশী এক নারী সেই পথ বন্ধ করে দিলে পরিবারগুলো প্রায় ২০ দিন অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি নির্মাণ করা হয়।