ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।

অধিকৃত পশ্চিম তীরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক সামরিক অভিযান, তল্লাশি ও গণগ্রেপ্তার চালিয়েছে ইসরাইলি বাহিনী। একই সময়ে ইহুদি বসতিস্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পশ্চিম তীরের নাবলুসের পূর্বাঞ্চলে ইউসুফ নবীর মাজার এলাকায় বসতিস্থাপনকারীদের বহনকারী বাসের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে বড় ধরনের অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হলে ইসরাইলি বাহিনী সরাসরি গুলি বর্ষণ করে। আল-বাদহান সড়কে সামরিক চেকপোস্ট বসানোয় স্থানীয় যানচলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
কালকিলিয়া শহরে ইসরাইলি বিশেষ বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কালকিলিয়ার দক্ষিণে রাস আতিয়া এবং রামাল্লাহর পশ্চিমে কাফর নিমা গ্রামেও অভিযান ও তল্লাশি চালানো হয়।
গত ২৪ ঘণ্টার অভিযানে পশ্চিম তীরজুড়ে এক নারীসহ মোট ২৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, ওয়াদি আব্বাস অঞ্চলে বসতিস্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি যুবক আহত হন। এছাড়া হেবরনর কাছে বসতিস্থাপনকারীদের পিপার স্প্রে হামলায় এক ফিলিস্তিনি ও এক শিশু আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয়েছে।
সূত্র: আল-জাজিরা