ভোলার ভিজিএফ চাল বিএনপি নেতার তালিকায় না দেয়ায় নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ।

ভোলার চরফ্যাশনে জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরি ঘিরে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ৯ নম্বর চর মানিকা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি ও মার্চ মাসে জেলেদের পুনর্বাসনের জন্য উপজেলার ২৪ হাজার ২০০ নিবন্ধিত জেলের মাঝে মোট ১ হাজার ৯৩৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চর মানিকা ইউনিয়নের ১ হাজার ২০০ জেলের জন্য বরাদ্দ ছিল ৯৬ টন চাল, যার বিতরণের দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।
মিনারা বেগমের অভিযোগ, তালিকা অনুযায়ী চাল বিতরণের প্রস্তুতির সময় স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে নতুন একটি তালিকা দেন এবং সেটি অনুযায়ী চাল বিতরণের জন্য চাপ সৃষ্টি করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলা চালান। এ সময় তার স্বামী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
খবর পেয়ে দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তালিকায় অনিয়মের কারণে স্থানীয় জেলেরা ক্ষুব্ধ হয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধর করেছে।
দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির বলেন, তালিকা তৈরিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন জানান, ঘটনার পর উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।