
মার্কিন জনগণের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ বা উপনিবেশবাদের পথে হাঁটেনি। তিনি উল্লেখ করেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি; তবে দেশটিকে আক্রমণ করা হলে তা কঠোরভাবে প্রতিরোধ করেছে।
চিঠিতে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করে পেজেশকিয়ান বলেন, এ ধরনের প্রচারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার ভাষ্য, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।
তিনি আরও দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার পেছনে বহিরাগত শক্তির স্বার্থ জড়িত। তার মতে, ক্ষমতাধর পক্ষগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য পূরণে এই বয়ান ব্যবহার করছে—যার মাধ্যমে তারা নিজেদের চাপ প্রয়োগকে বৈধতা দেওয়া, সামরিক প্রভাব বজায় রাখা, অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছে।