নিউজ
পড়া হচ্ছে...
‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেইঃ টুকু

বাংলাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।”
তিনি আরও বলেন, “এ কথা বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও বলব। কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।”
অনুষ্ঠানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।