দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা কেবল বিএনপিরই আছে- তারেক রহমান।

নীতিকথা নয়, দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা কেবল বিএনপিরই আছে—এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসংযোগের শেষ দিনে ঢাকায় আটটি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। দিনভর কর্মসূচিতে তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান এবং সরকার গঠন করতে পারলে মানুষকে নিরাপদে রাখার প্রতিশ্রুতি দেন।
এদিন ঢাকা মহানগর দক্ষিণের আটটি সংসদীয় আসনে জনসংযোগ করেন বিএনপি প্রধান। নিজ সংসদীয় আসন ঢাকা-১৭ থেকে কর্মসূচি শুরু করে পর্যায়ক্রমে ঢাকা-৪ থেকে ঢাকা-১০ আসনের জনসভায় বক্তব্য দেন তিনি। প্রতিটি সভায় দল মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, যেসব প্রার্থী এলাকার বাস্তবতা ও মানুষের প্রয়োজন সম্পর্কে ধারণা রাখেন, জনগণ তাদেরই ভোট দেবে। ভোট প্রয়োগের পর শেষ সময় পর্যন্ত কেন্দ্রে থেকে ভোটের হিসাব বুঝে নেওয়ার পরামর্শও দেন তিনি।
প্রতিটি জনসভায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। লাখো মানুষের সামনে দেওয়া বক্তব্যে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বার্তা দেন।
দিনের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ঢাকা-৭ আসনের লালবাগ বালু মাঠে। সেখানে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সবাই ভোট দেবে বলে তিনি প্রত্যাশা করেন এবং এলাকার মানুষের জন্য কাজ করবে—এমন প্রার্থীকেই জনগণ বেছে নেবে।
বিএনপি চেয়ারম্যান দাবি করেন, এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপিরই আছে এবং দেশ নিয়ে সুস্পষ্ট কর্মসূচিও তারাই দিয়েছে। একটি দল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, গোপন ব্যালট তৈরির চেষ্টায় গিয়ে তারা আইনের ধারাও পড়েছে। ভোটাধিকার অনেক ত্যাগের বিনিময়ে ফিরে এসেছে—এটি যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি এমন কোনো কর্মসূচি দেয় না, যা বাস্তবায়ন সম্ভব নয়। সব ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মানুষ নিরাপদে থাকবে—এমন রাষ্ট্রই গড়তে চায় বিএনপি। বক্তব্যের শেষে বিজয়ের জন্য জনগণের সমর্থন ও ভোট কামনা করেন তিনি।