সাভারে অভিযান: তিন বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গালিব ইমতিয়াজ নাহিদ। তবে সেনাবাহিনী জানিয়েছে, কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়—তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য দুই গ্রেপ্তার ব্যক্তি হলেন নাহিদের সহযোগী রবিউল ইসলাম বাবু ওরফে মেশিন বাবু এবং মাসুদ রানা আলভী ওরফে শুটার মাসুদ।
সোমবার বিকেলে ঢাকার বসিলা ক্যাম্পে সংবাদ সম্মেলনে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গত ১৫ দিনে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে চারটি এবং পোস্তগোলার জুরাইন কবরস্থান এলাকা থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওইসব ঘটনার সূত্র ধরে তথ্য যাচাই-বাছাই করে সোমবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে ‘তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’ নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ছয় রাউন্ড শর্টগানের কার্তুজ, আটটি রামদা ও পাঁচটি সামুরাই উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় স্বপন শেখ নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যায় বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, নাহিদ ও পলাতক স্বপন বিভিন্ন স্থানে অস্ত্র বিক্রি করতেন—এমন তথ্য তাদের কাছে রয়েছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখনও গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। আমরা রাজনৈতিক দলের লোক হিসেবে কাউকে গ্রেপ্তার করিনি, গ্রেপ্তার করেছি সন্ত্রাসী হিসেবে।” তিনি আরও বলেন, “সন্ত্রাসীরা কখনো কোনো দলের হতে পারে না।”
নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, গত তিন দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে তিনটি অস্ত্রসহ মোট ২১–২২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যাতে অবৈধ অস্ত্র ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য পরবর্তী অভিযানের স্বার্থে গোপন রাখা হচ্ছে বলেও জানান এই সেনা কর্মকর্তা।