গাজীপুরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত, ছেলে আশঙ্কাজনক

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গাজীপুরে ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়। নিহত রানী ওই এলাকার ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের (২২) কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক ধারালো অস্ত্র নিয়ে রানীর ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে ছেলে হৃদয় এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত আশিক গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন জানান, আশিক বিগত কমিটিতে ওই দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয় না। আশিক অপরাধ করে থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হবে। তিনি জানান, বর্তমান কমিটিতে আশিক সক্রিয় নয়।
ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।