সব বিষয়ে জনগণের মতামত নেবে বিএনপি, চালু হচ্ছে ‘ম্যাচ মাই পলিসি’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন, দল পরিচালনা ও সরকার গঠনসহ সব গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছেন। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই তারেক রহমানের পক্ষ থেকে মতামত আহ্বানের জন্য একটি কিউআর কোড চালু করা হবে। এর মাধ্যমে যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে নিজের মতামত জানাতে পারবেন। এ লক্ষ্যে বিএনপি ইতোমধ্যে ‘ম্যাচ মাই পলিসি ডট নেট’ www.matchmypolicy.net নামে একটি ওয়েবসাইট চালু করেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই দল পরিচালনা, নির্বাচন এবং সরকার পরিচালনার সব কার্যক্রম পরিচালনা করতে চায় বিএনপি, যাতে প্রতিটি উদ্যোগে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটে।
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণদের মতামতকে গুরুত্ব দিতে এই ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। www.matchmypolicy.net –এ গিয়ে যেকোনো নাগরিক সরাসরি মতামত দিতে পারবেন।
‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও ব্যবহারবান্ধব। প্রতিটি স্ক্রিনে বিএনপির বিভিন্ন নীতির সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যেখানে সোয়াইপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অবস্থান জানাতে পারবেন। পাশাপাশি ‘Opinion’ অপশনে নীতিগত বিষয়ে লিখিত পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে।
বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।