আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় আল্লামা মামুনুল হক বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সচেতনতা, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।
এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ, চলমান সহযোগিতা অব্যাহত রাখা এবং পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সংলাপের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, আমীরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।