৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটক

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্যের হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগের দিন, ২৯ মে তিনি দুই দিনের সফরে চট্টগ্রামে যান। সফরের উদ্দেশ্য ছিল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ মীমাংসা করা।
চট্টগ্রামে পৌঁছে প্রথম দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক শেষে গভীর রাতে সার্কিট হাউসে বিশ্রামে যান তিনি। কয়েক ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল সেখানে হামলা চালায়। গুলিবর্ষণে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর রহমান। পরদিন সকালে রেডিওতে তার নিহত হওয়ার খবর প্রথম প্রচার করা হয়।