কুমিল্লার শতাধিক এনসিপি কর্মী বিএনপিতে যোগদান।

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলার শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তারা দলটিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ আসনে দলের মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মাজারুল ইসলাম হানিফ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচির প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, সাইফুল আলম ভূইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার এবং সদস্য সচিব কাউসার আলম সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী এবং দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার।