সর্বশেষ
Live Bangla Logo

চীন-বাংলাদেশ-পাকিস্তানের উপর নজরদারি করতে নৌঘাঁটি স্থাপন করছে ভারত ।

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৬
চীন-বাংলাদেশ-পাকিস্তানের উপর নজরদারি করতে নৌঘাঁটি স্থাপন করছে ভারত ।

ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌ ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী। চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতার প্রেক্ষাপটে উত্তর বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

প্রতিরক্ষা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ঘাঁটিটি পূর্ণাঙ্গ নৌবেস নয়; এটি একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে পরিচালিত হবে। অর্থাৎ, এখানে সীমিত পরিসরে ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন ও পরিচালনা করা হবে।

এই ঘাঁটির জন্য হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ফলে নতুন করে বড় অবকাঠামো নির্মাণের প্রয়োজন হবে না এবং তুলনামূলক কম সময়ে কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রাথমিক ধাপে একটি নির্দিষ্ট জেটি নির্মাণসহ জাহাজ ও নৌসেনাদের অপারেশনাল সুবিধার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

হলদিয়ার নৌঘাঁটিতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) এবং প্রায় ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এসব উচ্চগতির নৌযান ঘণ্টায় ৪০ থেকে ৪৫ নট গতিতে চলতে সক্ষম এবং দ্রুত সামুদ্রিক অভিযানে ব্যবহারের জন্য উপযোগী।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব নৌযানে সিআরএ-৯১ কামান সংযোজন করা হবে। পাশাপাশি এগুলোকে নাগাস্ত্রের মতো লয়টারিং মিউনিশন ব্যবস্থায় সজ্জিত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো এবং সামুদ্রিক নজরদারি সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে ভারতীয় নৌবাহিনী।