
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় ও জনপ্রিয়তার কারণকে ‘গবেষণার বিষয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোনো কাজ করতে পারেনি।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জোর দিয়ে বলতে চাই—বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সরকার দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর তিনি মাতৃভূমিতে ফিরেছেন। এ সময় তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন।
প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬টি পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’ চারটি পদে এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয় লাভ করেছেন।