সিলেটের হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু গহরপুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান।

বরেণ্য আলেম আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী (রহ.)–এর একমাত্র সাহেবজাদা এবং জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সিলেটের জামিয়া গহরপুর প্রাঙ্গণে আয়োজিত উলামা–সুধী সমাবেশে তিনি সংগঠনের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলভুক্ত হন।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আল্লামা নূরউদ্দীন গহরপুরী (রহ.)–এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই অঞ্চল ইসলামী শিক্ষা ও নৈতিকতার ঐতিহ্যবাহী কেন্দ্র। মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর যোগদান এ অঞ্চলে খেলাফত মজলিসের সামাজিক ও দাওয়াতি কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
এ সময় মাওলানা মামুনুল হক আগামী জাতীয় নির্বাচনে সিলেট–৩ (বালাগঞ্জ–ফেঞ্চুগঞ্জ–দক্ষিণ সুরমা) আসনে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে খেলাফত মজলিস মনোনীত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করেন, আট দলীয় ইসলামী জোটের আলোচনার ভিত্তিতে এ আসনে তাঁকে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।

যোগদান উপলক্ষে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বলেন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক সম্পৃক্ততার পরিকল্পনা না থাকলেও আলেমসমাজ, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের আস্থার মূল্য দিয়ে দলভুক্ত হয়েছেন। ইসলামী শিক্ষা, আদর্শ ও জনকল্যাণের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রায় দুই দশক ধরে জামিয়া গহরপুরের মুহতামিমের দায়িত্ব পালন করছেন মাওলানা রাজু। তিনি ২০১৬ সাল থেকে বেফাকুল মাদারিসিল আরবিয়ার সহসভাপতির দায়িত্বও পালন করে আসছেন। সিলেট অঞ্চলের তরুণ ও গ্রহণযোগ্য আলেমদের মধ্যে তাঁর নাম শীর্ষে রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, প্রমুখ ।