১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত: ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই পৌঁছাল দক্ষিণ এশিয়ায়

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাইলি গুব্বি আগ্নেয়গিরি প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু করেছে। স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) আফার অঞ্চলে কয়েক ঘণ্টা ধরে চলা এই অগ্ন্যুৎপাতের ঘটনায় আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ছাই-মেঘ উঠে যায়। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, এই ছাই ভেসে ভেসে ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাংশের আকাশেও ছড়িয়ে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইরিত্রিয়া সীমান্তঘেঁষা আফার অঞ্চলের রিফট ভ্যালিতে অবস্থান হাইলি গুব্বি আগ্নেয়গিরির। প্রায় ৫০০ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূতাত্ত্বিক গতিশীলতার একটি সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত।
সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়—ঘন সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশের দিকে উঠছে এবং তা ধীরে ধীরে লোহিত সাগরের দিকে ভেসে যাচ্ছে।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানিয়েছে, হাইলি গুব্বির হোলোসিন যুগ—অর্থাৎ গত ১২ হাজার বছর—জুড়ে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সায়মন কার্নও ব্লুসকাই-এ এ তথ্য নিশ্চিত করেন।
অগ্ন্যুৎপাতের ছাই এখনও ভারত ও পাকিস্তানের কিছু অঞ্চলের আকাশে ভেসে থাকায় উভয় দেশের আবহাওয়া বিভাগ সতর্কবার্তা জারি করেছে। তবে এ ঘটনায় জনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।