ফেনীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কায় তদন্তে পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসের সামনের অংশ ও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ঢাকামুখী লেনে পার্কিং অবস্থায় থাকা একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“প্রতিদিন সন্ধ্যায় চালকরা গাড়ি পার্ক করে বাড়ি চলে যান। রাতে হঠাৎ দেখি বাসে আগুন লেগেছে। সবাই মিলে পানি এনে আগুন নেভাই।”
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ কালবেলা বলেন,
“আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে গেছে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি।”
এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন,
“বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, শহরের পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।