নতুন আঙ্গিকে যাত্রা বিএনপির ওয়েবসাইট - অনলাইনে সদস্য নিবন্ধন ও অনুদান দেওয়ার সুযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://bnpbd.org/ নতুন আঙ্গিকে উদ্বোধন করেছে। আধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের সমন্বয়ে তৈরি এ ওয়েবসাইটে দলের ইতিহাস, ভিশন, মিশন, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তথ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হয়েছে।
নতুন ওয়েবসাইটের অন্যতম আকর্ষণ হলো অনলাইন অনুদান ও সদস্য নিবন্ধন সুবিধা। এখন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অনুদান বা চাঁদা দিতে পারবেন। এতে দলের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
নতুন সাইটে একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান বা চাঁদা দেওয়া যাবে। সংশোধিত Representation of People’s Order (RPO) Act অনুযায়ী, একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ১০ লাখ টাকা, আর কোনো প্রতিষ্ঠান ৫০ লাখ টাকা পর্যন্ত রাজনৈতিক দলকে অনুদান দিতে পারবে।
বিএনপি প্রবাসী সমর্থকদের বিষয়টি মাথায় রেখে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নিবন্ধনের প্রক্রিয়াকে ডিজিটালাইজড করেছে। একই সঙ্গে চালু করা হয়েছে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে, যার মাধ্যমে সদস্য নবায়নে ১০ ডলারের বেশি এবং অনুদানে ১০০ ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না— এতে অবৈধ বা সন্দেহজনক অর্থায়ন প্রতিরোধ সম্ভব হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফ ফেসবুকে লিখেছেন,
“কিছু কিছু বিষয়ে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে। আজকে এমনই একটি ঘটনা ঘটে গেল। আর নতুন করে লুফে নিলাম। ঘটনাটা হলো— বিএনপির নতুন পরিসরের ওয়েবসাইট https://bnpbd.org/।”
তিনি এ স্বচ্ছ ও আধুনিক পদক্ষেপের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।