গভীর রাতে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নেতৃত্বে মিছিল, যুবদলের হাতে ৫ জন আটক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের পাঁচ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রগুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—ফতুল্লার দাপা ইন্দ্রকপুরের ফাহিম আহম্মেদ (২৩), লালপুরের আবির (১৫), কুতুবপুরের নিরব হোসেন (১৮), মুন্সিগঞ্জের ফয়সাল (২০) এবং ফরিদপুরের অনিক আহমেদ অনিন্দা (২১)।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাধারণ মানুষ এখন সজাগ। তারা মিছিল নিয়ে রাস্তায় নামলে স্থানীয়রা আমাকে খবর দেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিই এবং ৫ জনকে আটক করি। তাদের কাছ থেকে অয়ন ওসমানের নেতৃত্বে ঝটিকা মিছিল লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই মিছিলে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অয়ন ওসমানের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”