সিলেটের নতুন অভিভাবক হুমায়ুন কবির: যুগ্ম মহাসচিবের পদ পেয়ে গেলেন শাহজালালের মাজারে, উচ্ছ্বাস সিলেট জুড়ে।

বিএনপির যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি পাওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান সিলেট বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর প্রাঙ্গণে সিলেট বিভাগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

আজ হযরত শাহজালাল রাঃ মাজার মসজিদে জুমার নামাজের পর নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন। এ সময় শাহজালাল মাজার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে ওঠে ।
সিলেটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে দলের একজন স্থানীয় নেতার পদোন্নতিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে দেখছেন বিএনপি নেতারা। তারা মনে করছেন, হুমায়ুন কবিরের পদোন্নতি সিলেট বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিফলন এবং দলীয় পুনর্গঠনে নতুন গতি আনবে।
বিমানবন্দরে উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “সিলেটের মানুষ গর্বিত যে, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আজ দলের যুগ্ম মহাসচিব হয়েছেন। তিনি শুধু সিলেট নয়, জাতীয় পর্যায়েও দলের একজন কৌশলগত নেতা।”
হুমায়ুন কবির সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “এই পদ আমার জন্য শুধু দায়িত্ব নয়, এটি সিলেটবাসীর সম্মান। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে রাষ্ট্রকাঠামো সংস্কারের লড়াই করছি, সেই সংগ্রামে সিলেট হবে অগ্রণী ভূমিকা পালনকারী।”
দলের শীর্ষ পর্যায়ের এই নেতা আরও বলেন, “সিলেট বিএনপির ঐক্য, শৃঙ্খলা ও সংগঠন শক্তিকে আমি জাতীয় পর্যায়ে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারই আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাআল্লাহ বিএনপি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সরকার গঠন করবে।”
হুমায়ুন কবিরকে মোটর শোভাযাত্রায় করে নিয়ে যাওয়া হয় সিলেট নগরীতে। সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সিলেট বিএনপি নেতারা বলছেন, “বৃহত্তর সিলেট বিএনপি এখন হুমায়ুন কবিরের দিকে তাকিয়ে আছে— কারণ দলের নতুন যুগ্ম মহাসচিবই হচ্ছেন সিলেটের নতুন অভিভাবক, হুমায়ুন কবির।”