১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত মহাসম্মেলনের ঘোষণা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও রাসুলুল্লাহ (সা.)-এর অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়নের দাবিতে আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ।
সোমবার (২০ অক্টোবর) সাভার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ঢাকা জেলা উত্তরের সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এ ঘোষণা দেন।
আল্লামা হামিদ বলেন, “হযরত মুহাম্মাদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। তার পর আর কোনো নবী বা রাসুল আগমন করবেন না—এটাই কুরআন, সুন্নাহ ও ইজমার সর্বসম্মত সিদ্ধান্ত। যারা এ বিষয়ে সন্দেহ করে, তারা ইসলামের মৌলিক আকিদা থেকে বিচ্যুত।”
তিনি অভিযোগ করেন, আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানীরা ইসলামবিরোধী বিশ্বাস পোষণ করে এবং নিজেদের নবী হিসেবে গোলাম আহমদ কাদিয়ানীকে মানে। “ফলে তারা মুসলমান নয়, তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে,” বলেন তিনি।
পীর সাহেব মধুপুর আরও বলেন, “রাসুল (সা.)-কে অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড করে আইন পাস করতে হবে, যাতে কেউ তাঁর সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস না পায়।”
১৫ নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সারা দেশ থেকে আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
#খতমেনবুওয়াত #কাদিয়ানী #ইসলাম #ঢাকা #সোহরাওয়ার্দীউদ্যান