২০১৩ ও ২০২১ সালের শহীদদের পরিবারকে ৭ কোটি ৭০ লাখ টাকার অনুদান প্রদান

ঢাকা: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০১৩ সালের শাপলা চত্বরের এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে চেক হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শহীদ পরিবারদের হাতে প্রতিজনকে ১০ লাখ টাকা করে চেক তুলে দেন। মোট ৭৭ শহীদ পরিবারের প্রত্যেকে এই অনুদান পেয়েছেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শাপলা চত্বরে শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে, যাতে আগামী প্রজন্ম শহীদদের ত্যাগ থেকে প্রেরণা পেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা মাজেদুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রমুখ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
মুহিবুল্লাহ বাবুনগরী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান এবং বলেন, দেশের মানুষ ইসলামবিরোধী কর্মকাণ্ড মেনে নেবে না, ভবিষ্যতে কেউ এমন চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।