
জামিন পাওয়ার পর আদেশ কারাগারে পৌঁছাতে বিলম্বের কারণে বন্দিদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা এবার শেষ হতে যাচ্ছে। এখন থেকে এক ক্লিকেই আদালতের জামিন আদেশ সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “আগে জামিনের আদেশ কারাগারে পৌঁছাতে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হতো। প্রতিটি ধাপে হয়রানি আর বিলম্ব ছিল। এখন অনলাইনে বেইল বন্ড পাঠানোর ব্যবস্থা চালু হচ্ছে, যাতে এক ক্লিকেই আদালতের রায় কারাগারে পৌঁছে যাবে।”
তিনি জানান, এই উদ্যোগটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে, যা আসামিদের মুক্তির প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করবে।
আইন উপদেষ্টা আরও বলেন, “এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এতে কোনো বিদেশি সহায়তা নেওয়া হয়নি।”
সরকারের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের ১,৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিসে ১,৫০০ কোটি টাকা জমা আছে। এসব টাকায় আমরা দেশের উন্নয়ন ও সংস্কারমূলক অনেক কাজ নিজেরাই করতে পারি।”
এ সময় তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিচার বিভাগের পৃথক সচিবালয়, গুম প্রতিরোধ আইন, দুদক আইন এবং মানবাধিকার আইন প্রণয়ন করা হবে। এই আইনগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।