২০২২ সালের ঢাবি ছাত্রদলের উপর হামলা, ছাত্রলীগ নেতা সিয়াম রিমান্ডে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির ওপর হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমানের এক দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক সোমবার পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি করে এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
সিয়াম রহমানকে এদিন শুনানির জন্য আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, “কমিটি গঠনের পর ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ ভিসি স্যারের সাথে তার আমন্ত্রণে দেখা করতে যায়। এএফ রহমান হলের কাছে পৌঁছালে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে।
“২০০৯ সালের পর থেকে ছাত্রলীগ অন্য কোনো রাজনৈতিক দলকে ক্রিয়াশীল থাকতে দেয়নি। হাসিনাকে ফ্যাসিস্ট হতে তাকে সহযোগিতা করে। সেই ঢাবি শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্ট হটিয়েছে। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”
সিয়ামের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
তিনি বলেন, “ঘটনা ২০২২ সালের, আর মামলা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর। প্রেসিডেন্ট, সেক্রেটারিকে (কেন্দ্রীয় ও হল ছাত্রলীগ) গড়ে আসামি করা হয়েছে। এ আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তার জামিনের প্রার্থণা করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।”
শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ফারজানা ইয়াসমিন রাখী জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে স্যার এ এফ রহমান হলসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন। হামলার আগের দিন ২৬ সেপ্টেম্বর ছাত্রদলকে ক্যাম্পাসে ‘প্রতিহত’ করার ঘোষণা গণমাধ্যমে দিয়েছিল ছাত্রলীগ।