ইলিয়াস আলী গুম-হত্যা অভিযোগে বিমান বাহিনীর কর্মকর্তা হেফাজতে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে বলপূর্বক অপহরণ (গুম) ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
বিমান বাহিনী সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডে উইং কমান্ডার মো. সাইফুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।
বর্তমানে উইং কমান্ডার পদে কর্মরত সাইফুর রহমান ওই সময় স্কোয়াড্রন লিডার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, উইং কমান্ডার মো. সাইফুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মেয়ের জামাতা।
বিমান বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।