‘জুলাইয়ের ঐক্য ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’

বাংলাদেশে জুলাইয়ের ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি। একই সঙ্গে জুলাই আন্দোলনকে প্রথম বিকৃত করা এবং শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতাও বিএনপিই করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হাকিমপুর উপজেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে জুলাইয়ের যে ঐক্য হয়েছিল, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি। দ্বিতীয়ত, জুলাইকে প্রথম বিকৃত করেছে বিএনপি। তৃতীয়ত, যদি জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে কেউ গাদ্দারি করে থাকে, সেটাও প্রথম করেছে বিএনপি।”
তিনি বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান সংশোধন করে, তাহলে আবারও বাংলাদেশে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠতে পারে।
এনসিপির এই নেতা আরও বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে, সেই একই ব্যবস্থা যদি বিএনপি করতে থাকে, তাহলে তাদের সঙ্গেও আগামীতেও শক্ত লড়াই হবে।”
আয়োজকদের মতে, গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ–সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।