আ.লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা ইয়াবা ব্যবসার একটি অংশ এখন বিএনপির কিছু নেতার হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে জয়নুল আবদিন ফারুক বলেন, দলের নাম ব্যবহার করে যারা ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছেন, তাদের দ্রুত সংশোধন হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
তিনি জানান, ইয়াবা ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগে এরই মধ্যে যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় এলাকায় অবৈধভাবে মাটি কাটার কারণে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, দেড় টন ধারণক্ষমতার গ্রামীণ সড়কে ২০ টনের ভারী ট্রাক চলাচল করায় রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি। এই সময়ের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের আস্থা অর্জন করতে পারলে ভোটাররা অবশ্যই বিএনপিকে বিবেচনায় নেবেন।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো জোরপূর্বক বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না।