জামায়াত পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষেও না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দলটির কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে।
রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন গভর্নর এ এম মালেকের মন্ত্রিসভায় জামায়াতের নেতারা অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ পেয়ে দলটি পুনর্গঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে তারা সুবিধাবাদী রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতকে একটি আন্তর্জাতিক সংগঠনের শাখা উল্লেখ করে তিনি বলেন, দলটির রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা সম্পর্কে জনগণের সামনে বাস্তব ইতিহাস তুলে ধরা প্রয়োজন।
দলটির ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার সংসদে তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হলেও সেখানে শরিয়াহ আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার নেই। তাহলে জামায়াত আসলে কেমন ইসলামী দল?
তিনি আরও বলেন, দলটির নামের সঙ্গে ইসলাম থাকলেও তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্র বা শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি নেই।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে চলমান বিতর্কের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।