শেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানু

শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফিরলে ফেসবুকে প্রোফাইল লাল করা ব্যক্তিদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
বিরোধী দলের উদ্দেশে রেহানা আক্তার রানু বলেন, “এই সরকারের চার মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা— আল্লাহ না করুক, আল্লাহ না করুক— ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।”
তিনি বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছেন, যেখানে একটি চেয়ার ছিল বলে উল্লেখ করে দাবি করেন, ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। তার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া উচিত।
প্রস্তাবিত বাজেটের বিষয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা কমাতে চান না। এজন্য বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানান তিনি।
ব্যাংক খাত নিয়ে বক্তব্যে রেহানা আক্তার রানু বলেন, ব্যাংকের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা গ্রাহকের অর্থ বিদেশে পাচার করেছে, তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া উচিত।