বিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে ও তাঁর দল।
ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানায়, সফরকালে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ফুটবলপ্রেমীদের সঙ্গে সময় কাটাবেন, বিশ্বকাপ ঘিরে জনউচ্ছ্বাস দেখবেন এবং বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা সম্পর্কে জানবেন।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যান লান্দের সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল ও সান্তিয়াগো কন্দে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই তাঁদের এই সফর।
বাংলাদেশে এসে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা দেখে বিস্ময় প্রকাশ করেন ড্যান লান্দে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এসেছেন। তাঁর ভাষায়, ‘বাংলাদেশ এই ভালোবাসার স্বীকৃতি পাওয়ার যোগ্য।’
ঢাকায় অবতরণের পর থেকেই বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হন ড্যান লান্দে। বিমানবন্দর থেকে শহরে আসার পথে বিভিন্ন ভবনের ছাদে উড়তে থাকা আর্জেন্টিনার পতাকা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। তাঁর মতে, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের যে আবেগ, তা তাঁদের দেশের মানুষও পুরোপুরি কল্পনা করতে পারেন না।
আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো কিংবা কানাডার চেয়ে বাংলাদেশেই বিশ্বকাপের আবহ উপভোগ করার স্বপ্ন দেখেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ড্যান লান্দে ও তাঁর দল পুরান ঢাকার অলিগলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাজী মুহম্মদ মুহসীন হল, আমিনবাজার এবং মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। সেখানে ফুটবল সমর্থক গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাবেন।
এ ছাড়া, ২৪ জুন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।