বোরকা-হিজাব নিয়ে এমপি মনিরুলের মন্তব্যের প্রতিবাদে হেফাজতের বিবৃতি, ক্ষমা দাবি

জাতীয় সংসদে মুসলিম নারীদের ধর্মীয় ও ঐতিহ্যবাহী পোশাক বোরকা ও হিজাব নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ মন্তব্যকে ‘কটূক্তিকর, কুরুচিপূর্ণ ও অশোভন’ বলে আখ্যা দিয়েছেন।
সোমবার (১৫ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যের মুখ থেকে ইসলামের ফরজ বিধান ও নারীদের শালীন পোশাক নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দায়িত্বজ্ঞানহীনতা ও ধর্মীয় বিদ্বেষের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্যের নামে নারীদের ধর্মীয় পোশাককে উপহাসের বিষয়ে পরিণত করা সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। বোরকা ও হিজাব পরা মুসলিম নারীদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার রয়েছে উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, এ ধরনের মন্তব্য কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
তারা আরও বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে দাঁড়িয়ে ইসলামবিদ্বেষী ও উসকানিমূলক ভাষা ব্যবহার জনগণের কাছে নেতিবাচক বার্তা দেয়। রাজনৈতিক অঙ্গনে নীতি, আদর্শ ও জনস্বার্থের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে ধর্মীয় পরিচয় ও পোশাককে লক্ষ্যবস্তু করা বিকৃত মানসিকতার পরিচয় বহন করে।
বিবৃতিতে হেফাজতের নেতারা অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় তৌহিদী জনতা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনৈতিক অঙ্গনের সর্বস্তরে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং শালীন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।