জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।
গ্রেপ্তার গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।