
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায় ঢাকা–শরীয়তপুর সড়কে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার প্রেমতলা এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ব্যানারের সামনে আওয়ামী লীগের এক কর্মী জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন আর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় শরীয়তপুর সদরের পালং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখকে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা যখন মিছিল করছিলেন, তখন ওই ইউপি সদস্য তাঁর ফেসবুক পেজ থেকে মিছিলের লাইভ করেন। মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।