জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুর

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ধ্বংসাত্মক ঘটনার দায়ে রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে। তার দাবি, বাংলাদেশেও সাবেক সরকার বিদেশি শক্তির ওপর নির্ভর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছিল। সে কারণেই তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কারও জন্যই বুদ্ধিমানের কাজ হবে না। যারা দেশের বাইরে রয়েছেন, তাদের নিজ নিজ দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করা অথবা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরামর্শ দেন তিনি।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তরের কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেবার মানোন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।